জামালপুর পৌর এলাকার বাগেরহাটা নূর রাইস মিলে ইটের নিচে পুঁতে রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৭২২ বোতল ভোজ্যতেল জব্দ করেছে র্যাব। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।রোববার (১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাগেরহাটা বটতলা এলাকায় পরিত্যক্ত নূর রাইস মিলে গোডাউনে অভিযান চালানো হয়। জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহাম্মেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যারেলপ্রতি পৌঁছাতে পারে ১০০ ডলারে! অভিযানের সময় প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম মুনসুরের মালিকানাধীন পরিত্যক্ত নূর রাইস মিলের মাটি খুঁড়ে ইটের নিচ থেকে টিসিবির দুই লিটারের ৭২২ বোতল ভোজ্যতেল উদ্ধার করা হয়। এ সময় রাইস মিলের কেয়ারটেকার বিশাল মিয়া এবং ট্রাক চালক শাহীনকে আটক করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, জব্দ করা তেলের বোতলগুলোর মোড়ক তুলে ফেলা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো টিসিবির পণ্য। বিতরণের পরিবর্তে সেগুলো গোপনে সেখানে মজুত করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২২টি দুই লিটারের ভোজ্যতেলের বোতল উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে এসব তেল কে বা কারা সেখানে মজুত করেছিল। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।