গাজীপুরে পুলিশ উপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আহত ৬

গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর হামলা চালিয়ে অপহরণের আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে স্বজনেরা। আসামির স্বজনদের হামলায় টাঙ্গাইল সদর থানা এবং শ্রীপুর থানা পুলিশের কমপক্ষে ৬ সদস্যের অধিক আহত হয়েছেন।রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।হামলার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওয়ারেন্টভুক্ত ২ আসামিসহ ৪ জনকে গ্রেফতার করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যের বিস্তারিত জানা যায়নি।গ্রেফতাররা হলেন- উপজেলার নিজমাওনা গ্রামের মনির হোসেনের ছেলে আদিল (২২) ও তার বাবা মনির হোসেন (৫০)।মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও ভিকটিমকে করতে টাঙ্গাইল সদর থানার ৬ সদস্যের একটি টিম শ্রীপুরে আসেন। এসময় তারা শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা চায়।পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা পুলিশ নিজমাওনা গ্রামের আদিল ও তার বাবা মনির হোসেনকে গ্রেপ্তার করে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশের গাড়িতে উঠানোর চেষ্টা করে।আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী গ্যারেজ সোহেল বিদেশি অস্ত্রসহ গ্রেফতারএ সময় তাদের স্বজনেরা লোকজন ভুয়া পুলিশ ও ডাকাত আসছে বলে ডাক চিৎকার দেয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে পুলিশের উপর হামলা চালিয়ে মারধর শুরু করে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয় দুই আসামিকে। তাদের হামলায় মারধরে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে অভিযান পরিচালনা করে হ্যান্ডকাফ ছিনিয়ে নেওয়া দুজনকে ফের গ্রেপ্তার করে। তাৎক্ষণিকভাবে ৬ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়, আহতের সংখ্যা বাড়তে পারে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত দুই নারীকেও আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেরাজুল ইসলাম জানান, আসামি গ্রেফতারে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কম বেশি অনেক সদস্যই আহত হয়েছেন। এখন পর্যন্ত ৬ পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।