নেত্রকোনায় এসি বিস্ফোরণে নিজ প্রতিষ্ঠানে অগ্নিদগ্ধ হয়ে স্টুডিও ব্যবসায়ী রাজু সাহা (৪৩) মারা গেছেন।রোববার (১ মার্চ) বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজু সাহা শহরের নিউটাউন বড় পুকুরপাড় এলাকার মনিক চন্দ্র সাহার ছেলে। তিনি তেরী বাজার এলাকায় ‘হেনা ডিজিটাল স্টুডিও’ নামে একটি স্টুডিও পরিচালনা করতেন। আরও পড়ুন: কক্সবাজারে গ্যাস পাম্পে দগ্ধ একজনের মৃত্যু জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজু সাহা তার স্টুডিওতে যান। এ সময় হঠাৎ এসিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর মেইন সুইচ বন্ধ করতে গেলে তিনি অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নেন। তার শরীরের ৮০ শতাংশের বেশি অংশ দগ্ধ হওয়ায় প্রথমে ময়মনসিংহে এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি মারা যান। রাজুর স্বজন রাজন ভদ্র জানান, মরদেহ নেত্রকোনায় আনার পর শহরের চকপাড়া মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।