রাজশাহীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৮ কেজির বেশি গানপাউডার উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া পাওয়া গেছে।রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব। এতে বলা হয়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫-এর একটি গোয়েন্দা দল তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে অবস্থান করছেন এমন গোপন তথ্য পায়। এরপর একটি আভিযানিক দল ঘটনাস্থলে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সরে যান। আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী গ্যারেজ সোহেল বিদেশি অস্ত্রসহ গ্রেফতার পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার মধ্যে ছিল স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিস্ফোরক সদৃশ উপাদান এবং নীল পলিথিনে ভাঙা কাঁচের গুড়া। ঘটনাস্থলেই পরিমাপ করে গানপাউডারের পরিমাণ ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাঁচের গুড়ার পরিমাণ ১ কেজি ১৭০ গ্রাম নিশ্চিত করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব উপাদান গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, কারা জড়িত, তারা কোথা থেকে এসব উপাদান সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।