আদালতে হাজিরা দেয়ার পর রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহ (২৭) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২১ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে তার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।মাসুম রাজশাহী নগরের ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোবারক আলী সূর্য। গ্রামের বাড়ি গোদাগাড়ীর তেরোপাড়া গ্রামে। মাসুম নিখোঁজ হওয়ায় তার মা রাবেয়া বেগম গত ১১ ফেব্রুয়ারি রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, মাসুম পেশায় একজন ছাত্র। ২০২২ সালে একটি মামলায় সে এজাহারভুক্ত আসামি হন। ওই মামলার ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন। মামলাটি এখন আদালতে বিচারাধীন। মাসুম হাজিরা দিতে ৮ ফেব্রুয়ারি আদালতে যান। এরপর তিনি পরিবারকে জানায়, রাজাবাড়ী ভূমি অফিসে যাবেন। কিন্তু সেদিনের পর থেকে মাসুম বাড়ি ফেরেননি। রাতেই রাবেয়া বেগম তার মোবাইলে ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। আরও পড়ুন: রাজশাহীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযান, ৮ কেজির বেশি গানপাউডার উদ্ধার রাবেয়া বেগমের অভিযোগ, হত্যা মামলার বাদীপক্ষ বা অন্য কেউ ৮ ফেব্রুয়ারি মাসুমকে আদালত চত্বর থেকে অপহরণ করে নিয়ে গেছে। অভিযোগ করা হয়, মামলার বাদীপক্ষ আগেও মাসুমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তবে বিষয়টি মীমাংসার চেষ্টা করার কারণে আগে কোনো অভিযোগ করা হয়নি। মাসুমের বোন জিয়াসমিন খাতুন বলেন, ‘মামলার বাদীপক্ষ আগেও নানা ধরনের হুমকি দিয়েছে। আমরা সেগুলো গুরুত্ব না দিয়ে স্থানীয়ভাবে মামলাটি আপস করার চেষ্টা করছিলাম। আলোচনাও চলছিল। হাজিরার দিনে আমার ভাই নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাইনি।’ মাসুম অপহরণের অভিযোগের বিষয়ে নিহত মামুনের ভাই সুমন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘অভিযোগ আমরা তদন্ত করছি। এখনো মাসুম বিল্লাহর খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইলের কল লিস্ট বিশ্লেষণ করা হবে। এ জন্য আবেদন করা হয়েছে। এটি পাওয়া গেলে পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাবে। আমরা সব দিক থেকেই বিষয়টির তদন্ত করছি।’