পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় লোকমান মৃধা (৫০) নামে এক হোটেল ব্যবসায়ীকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।রোববার (১ মার্চ) ইফতারের পর পৌরশহরের নিজ হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত লোকমান মৃধা কুয়াকাটার ‘কুয়াকাটা প্যালেস’ নামের একটি আবাসিক হোটেলের মালিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আরও পড়ুন: যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যাসহ ১৭ মামলার আসামি মনিরুল গ্রেফতার পরিবারের সদস্যরা জানান, রোববার ইফতার শেষে লোকমান মৃধা হোটেলের সামনে বসে চা খাচ্ছিলেন। তখন তিন থেকে চারজন ব্যক্তি অতর্কিতে তার ওপর হামলা চালান। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দুই পায়ে বেধড়ক আঘাত করেন এবং রড দিয়ে জখম করেন। এতে তার দুই পা থেঁতলে যায় এবং মুখমণ্ডল রক্তাক্ত হয়। ঘটনার জন্য পরিবার একই এলাকার ওই মাদকসেবী চক্রকে দায়ী করেছে। আহতের মেয়ে সাজেদা বলেন, স্থানীয় একটি চিহ্নিত মাদকসেবী চক্র প্রায়ই হোটেলে এসে ইয়াবা সেবনের চেষ্টা করত। বিকেলেও কয়েকজন হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতে চাইলে বাবা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা হুমকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যার পর হাতুড়ি ও রড নিয়ে এসে হামলা চালায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।