নীলফামারীতে অনলাইন ভিসা প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ভিসা প্রতারণায় ব্যবহৃত ১১টি মোবাইল ফোন এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান। গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জ উপজেলার মো. আদর আলী (২৪) ও মো. মনিরুজ্জামান সজীব (২৫), জলঢাকা উপজেলার শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯) ও মো. সিরাজ উদ্দিন (২৩), এবং নীলফামারী সদর উপজেলার মো. হাসান আল ফিরোজ ছোটন (২৪) ও মো. আহসান হাবিব হাসান (২৪)। আরও পড়ুন: যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যাসহ ১৭ মামলার আসামি মনিরুল গ্রেফতার ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার মধ্যরাতে তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে অনলাইন ভিসা প্রতারণা সংক্রান্ত নানা আলামত পাওয়া গেছে। এছাড়া ফোনগুলোতে অনলাইন জুয়ার অ্যাপস ও বেটিং অ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় ছিল। ডিবি ওসি মো. মতলুবর রহমান বলেন, উদ্ধার করা আলামত যাচাই করার পর প্রাথমিকভাবে দেখা গেছে, তারা অনলাইন ভিসা প্রতারণা এবং জুয়ার সঙ্গে যুক্ত। এই ঘটনায় মামলা রুজু করে রোববার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।