বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক জামায়াতে ইসলামীর নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।রোববার (১ মার্চ) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুবনগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন এবং ব্যবসা করতেন। এছাড়া সাইফুল জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওলামা বিভাগের দায়িত্বে ছিলেন। স্বজনেরা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাহবুবনগর এলাকায় দুই বছর আগে ক্রয় করা তিন শতক জমিতে সীমানা প্রাচীর দিতে যান সাইফুল। এ সময় জমির প্রাক্তন মালিকের ভাগিনা বিক্রম ও বিপ্লব দলবল নিয়ে সেখানে হামলা চালিয়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আরও পড়ুন: কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেয়ায় হোটেল মালিককে হাতুড়ি-রড দিয়ে পিটিয়ে জখম স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে রাত ৮টার দিকে তিনি মারা যান। ঘটনায় জড়িত সন্দেহে খান্দার এলাকা থেকে মেহেদী হাসান ও মুস্তাকিম নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে।