বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালের নির্বাচনে নরসিংদীর ৫টি আসনেই বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এবার বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে পুনরায় নরসিংদীর ৫টি আসনে বিএনপির জয় হয়েছে।রোববার (১ মার্চ) বিকালে তিনি নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এই কথা বলেন। পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতারে জেলার ৫ জন সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতা অংশগ্রহণ করেন। ড. মঈন খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশের ১০ জন মেধাবী লোককে নিয়ে মন্ত্রীসভা গঠন করেছিলেন। সেই মন্ত্রিসভার মধ্যে নরসিংদীর পলাশের সন্তান ড. মোমেন খানও ছিলেন। ড. মোমেন খান তখন নরসিংদী-১ আসন থেকে সারা দেশের ৩ শত আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। আরও পড়ুন: সংলাপে পাঁচ প্রধান দলের শীর্ষ নেতারা, রাজনৈতিক সম্প্রীতির নতুন অঙ্গীকার তিনি বলেন, এটি নরসিংদীর গৌরব। আমরা চেষ্টা করছি সেই গৌরবকে পুনরুদ্ধার করতে। নরসিংদী বিএনপিরও জন্ম দিয়েছিলেন আব্দুল মোমেন খান। আমরা চেষ্টা করছি নরসিংদীর বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে কাজ করার। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন।