ভাঙারি দোকানে মিললো মাদরাসার সরকারি ৮ হাজার বই

শেরপুরে এক ভাঙারির দোকান থেকে মাদরাসার বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার আব্দুর রহিম অপু। রোববার (১ মার্চ) সন্ধ্যায় শহরের নওহাটা এলাকায় মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে মাদরাসার বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার সরকারি বই জব্দ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি সিলগালা করে দেন। অভিযান সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় শহরের নওহাটা এলাকায় আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে অভিযান চালানো হয়। এ সময় এক ভ্যানগাড়ি ভর্তি ২০২৫ সালের মাদরাসার নতুন বই জব্দ করে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে দোকানের গোডাউনের ভেতর আরও বইয়ের সন্ধান পাওয়া যায়। পরিস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভাঙারি দোকানের মালিক ও কর্মচারীরা। আরও পড়ুনগলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও নেই নতুন কারিকুলাম প্রণয়নে এ মাসেই কমিটি করা হবে: শিক্ষামন্ত্রী  দোকানটির ভ্যানগাড়ি চালক তজি মিয়া বলেন, আমি এই গোডাউনের ভ্যানগাড়ি চালাই। মালিক বইগুলো আনতে বলেছিলেন। বইগুলো সরকারি কি না সেটা জানি না। এ বিষয়ে সদর থানার এসআই সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়িসহ নতুন বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ইউএনও গোডাউন সিলগালা করে রেখেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক বলেন, খবর পেয়ে ভ্যানগাড়ির বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বইগুলো সদর উপজেলার কোনো মাদরাসার হতে পারে। এ ঘটনা তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। মো. নাঈম ইসলাম/কেএসআর