রাজশাহীর কাটাখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়া ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোর একটি গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিপোর মালিক পলাশের ভাষ্য, রাতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গুদামের ভেতরে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কিভাবে, কোথা থেকে আগুন ছড়িয়েছে তা তিনি বলতে পারেননি। আরও পড়ুন: রূপগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ১০ টি কক্ষ পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এলাকাবাসীরা জানান, আগুন লাগার পর গুদাম থেকে ঘন ধোঁয়া ও লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন যাতে পাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে এ জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালান। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং সূত্রপাতের সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস দ্রুতই তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণ করবে। ডিপোর মালিক পলাশ দাবি করেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে। গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আরও পড়ুন: রাজধানীতে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৩ জনের মরদেহ পাশাপাশি দাফন ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।