সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা

ইউরোপের দেশ সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আএএফ) একটি ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (১ মার্চ) রাতে সন্দেহভাজন ড্রোন হামলা হয় বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে ড্রোন হামলা হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সশস্ত্র বাহিনী এ হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ওই অঞ্চলে আমাদের বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের সদস্যদের রক্ষায় ঘাঁটি থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’ এমন সময়ে আক্রোতিরি ঘাঁটিতে হামলার খবর এল যখন যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন। আরও পড়ুন: এবার ‘সাইপ্রাসের দিকে’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান! যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের নির্বিাচার হামলা মধ্যপ্রাচ্যে অবস্থানরত ব্রিটিশ সেনা ও বেসামরিক লোকজনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। আরও পড়ুন: ইরানে অভিযান চলবে চার সপ্তাহ বা তার কম: ট্রাম্প এক যৌথ বিবৃতিতে ইউরোপের এই তিন দেশের নেতারা বলেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে তারা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক সামরিক অভিযানে যুক্ত ছিল না, তাদের ওপর তেহরানের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আমাদের এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার উৎসস্থল ধ্বংস করতে কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হতে পারে।’