মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরতে পারছে না জিম্বাবুয়ে ক্রিকেট দল। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে তারাই প্রথম এই পরিস্থিতির শিকার হলো।ভারতের অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে জিম্বাবুয়ে। সোমবার (১ মার্চ) দুবাই হয়ে হারারে ফেরার কথা ছিল তাদের। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কারণে নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা স্থগিত হয়েছে।ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়ের খেলোয়াড় ও কর্মকর্তারা কয়েকটি দলে ভাগ হয়ে দেশে ফেরার সূচিতে ছিলেন। সোমবার ভোর ৪টা ৩০ মিনিটে একটি দল রওনা দেয়ার কথা ছিল। কিন্তু দুবাই ট্রানজিট থাকায় এমিরেটস ফ্লাইটে যাত্রা সম্ভব হয়নি।এদিকে পাকিস্তান দল কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে লাহোরে পৌঁছেছে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে পাঁচ রানের জয় পেলেও নিউজিল্যান্ড থেকে রান রেটে পিছিয়ে থাকায় বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা। আরও পড়ুন: স্যামসন বীরত্বে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিকল্প পরিকল্পনা সক্রিয় করা হয়েছে।আইসিসির এক বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি প্রভাব ফেলছে না। তবে আমরা স্বীকার করছি, খেলোয়াড়, দলীয় ব্যবস্থাপনা, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারকর্মী ও আয়োজক সংশ্লিষ্ট অনেকেই নিজ দেশে ফেরার ক্ষেত্রে বিশেষ করে দুবাই (ডিএক্সবি) সহ উপসাগরীয় বিমানবন্দরগুলোকে গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। আইসিসির ট্রাভেল অ্যান্ড লজিস্টিকস টিম প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে কাজ করছে। ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন হাব হয়ে বিকল্প রুট নিশ্চিত করার চেষ্টা চলছে।’