মাদারীপুরে পটকা বাজি ফোটাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাত দেড়টার দিকে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মধ্যরাতে শহরের বাদামতলা এলাকার 'ভুইয়া কমিউনিটি সেন্টার'-এর পেছনে পটকা বাজি ফোটায় বেশ কয়েকজন যুবক। পরে তারা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পটকা বাজির আগুনে একটি রান্নাঘরে আগুন ধরে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও একটি রান্নাঘর পুড়ে যায়। তবে, অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, মানুষ যখন ঘুমে থাকে প্রায়ই কিছু বখাটে পটকা, আতশবাজি ফোটায়। এতে ছোট ছোট শিশুরা শব্দে আতঙ্কিত হয়ে পড়ে। প্রশাসনের নিরব ভূমিকায় বন্ধ হচ্ছে না বাজি ফোটানো। আরও পড়ুন: সেলুন আর দোকানের দখলে মাদারীপুরের যাত্রী ছাউনিগুলো মাদারীপুর ফায়ার সার্ভিস এর পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, আগুন থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। মধ্যরাতে কে বা কারা এই বাজি ফোটাচ্ছে, এগুলো বন্ধ হওয়া উচিত। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পটকা বাজি ফোটানোর খবর পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।