মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাইকের চালক মো. সামির (২৪) গুরুতর আহত হয়েছেন।সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবেদের বাবার নাম মতিন। তাদের বাড়ি নারায়ণগঞ্জে। আহত মো. সামিরের বাবার নাম দাদন আকন্দ। তিনিও নারায়ণগঞ্জের বাসিন্দা। আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে লোকের ভিড়ে ওঠে গেল ট্রাক্টর, নারী নিহত মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সাবেদ নামে এক যুবক নিহত হন। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সামিরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও পড়ুন: মেরিনড্রাইভে জিপ-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।