সাবেক এসপি রফিকুল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাবনার সাবেক এসপি শেখ রফিকুল ইসলাম এবং তার স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ফারহানা রহমানের বিরুদ্ধে ৩৯ লাখ ২ হাজার ২২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে এই সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে দুদকের মামলা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ২০০৭-০৮ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত যাবতীয় রেকর্ডপত্র জব্দের আবেদন করেছিলেন দুদকের উপসহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। শুনানি শেষে সাবেক এসপি শেখ রফিকুল ইসলাম এবং তার স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দেন আদালত। এমডিএএ/এসএনআর