পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, সিরিজ হলে দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে, শেষ পর্যন্ত সিরিজ টি মাঠে গড়ালে পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। রোববার (১ মার্চ) সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ পাকিস্তান দলের বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সিরিজের তিনটি ম্যাচই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।তবে চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে সফরটি অনিশ্চিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, বর্তমান পরিস্থিতি যদি ভ্রমণঝুঁকি বা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তোলে, তাহলে সফর স্থগিত বা বাতিল হতে পারে।এদিকে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের আলোচনা এই সপ্তাহেই শুরু হওয়ার কথা। টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে। আরও পড়ুন: অবশেষে দেশে ফিরলেন মুশফিকসূত্র জানায়, নির্বাচক কমিটি দলে বড় পরিবর্তন আনতে পারে। আন্ডারপারফর্ম করা প্রথম পছন্দের কয়েকজন খেলোয়াড়, যেমন: বাবর আজম, সাইম আইয়ুব এবং মোহাম্মদ নওয়াজের জায়গায় তরুণদের সুযোগ দেয়া হতে পারে।পাকিস্তানের সামনে আপাতত কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ না থাকায় সংক্ষিপ্ততম সংস্করণের দলে তাৎক্ষণিক পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে সূত্রের দাবি, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে পাঁচ থেকে ছয়জন খেলোয়াড়কে ধীরে ধীরে বাদ দেওয়া হতে পারে।উল্লেখ্য, পাকিস্তান সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত বছরের নভেম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সেই সিরিজে তারা ৩-০ ব্যবধানে জয় পায়।৫০ ওভারের সংস্করণে এটি ছিল পেসার শাহিন আফ্রিদির অধিনায়ক হিসেবে দ্বিতীয় সিরিজ। এর আগে তার অধিনায়কত্বে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল।