সিঅ্যান্ডএফ এজেন্ট শাহজাহানের স্ত্রী ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ

অবৈধ সম্পদ গোপন ও অর্জনের অভিযোগে ফারজানা আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ফারজানা আক্তার (প্রোপাইটর- মেসার্স এস. এম. ট্রেড ইন্টারন্যাশনাল) এবং তার স্বামী সিঅ্যান্ডএফ এজেন্ট মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে দুদকে মামলা নথিভুক্ত করা আছে। বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বলেন, ফারজানার বিরুদ্ধে ৫১ লাখ ৯৩ হাজার ৩৪৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৮৬৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য তার ২০০৭-০৮ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির যাবতীয় রেকর্ডপত্র জব্দের আবেদন মঞ্জুর করেন আদালত। এমডিএএ/এমআরএম