বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী: প্রণয় ভার্মা

অর্থনীতি ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় হাইকমিশনার বলেন, আমাদের ভবিষ্যৎ সহযোগিতা যেন নিজ নিজ জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে হয়—সেটি নিয়েও কথা হয়েছে। কীভাবে এটিকে আরও ভবিষ্যতমুখী, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর করা যায়, আমাদের অর্জনগুলোকে ব্যবহার করে কীভাবে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা যায়, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করা যায়—এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়ার এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখীভাবে একসঙ্গে কাজ করে আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং মানুষকেন্দ্রিক সহযোগিতা জোরদার করার আমাদের আগ্রহের কথা জানিয়েছি। প্রণয় ভার্মা বলেন, আমাদের দুই দেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী বাণিজ্য, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কীভাবে এটিকে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছি। কীভাবে দুই দেশের বিভিন্ন খাতে ব্যবসাগুলোর জন্য পারস্পরিক সম্পৃক্ততা সহজ করা যায় এবং কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি যাতে আমাদের ভৌগোলিক নৈকট্য, দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠতা রয়েছে, তা নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করা যায়—সেটি নিয়ে আলোচনা হয়েছে। সিইপিএ চুক্তি বা ট্রান্সশিপমেন্ট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না; জানতে চাইলে তিনি বলেন, না, এ বিষয়ে কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি। তবে অবশ্যই এসব বিষয় আমাদের ব্যবসা ও অর্থনৈতিক আলোচনার অংশ। ব্যবসা সম্প্রসারণের জন্য স্থলবন্দর গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন প্রেক্ষাপটে, আমাদের নতুন অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কী ধরনের কৌশল হওয়া উচিত—এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। আমাদের খুব প্রাথমিক আলোচনা হয়েছে। এনএইচ/এমআরএম