দেশে কার্যরত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।২০২৪ সালের শুরুতে দেশে কর্মহীন মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু বছরের শেষের দিকে তা বৃদ্ধি পায়। জুলাই মাসের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রায় দুই শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগ কমে যায় এবং কর্মদক্ষ মানুষও কর্মহীনতার তালিকায় যুক্ত হয়। এমন পরিস্থিতিতে বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে নতুন সরকারের ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য পূরণে উদ্যোক্তা সৃষ্টি এবং রফতানিতে গতিশীলতা ফেরাতে ব্যাংকগুলোকে কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশ দেন গভর্নর মোস্তাকুর রহমান। আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরের যোগদান এবিবি সভাপতি এবং কয়েকটি ব্যাংকের এমডিদের সঙ্গে এই সাক্ষাতে গভর্নর ব্যাংকারদের রাজনৈতিক চাপমুক্তভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া পাঁচটি ব্যাংক মার্জার ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ ব্যাংক সংস্কার কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বস্ত করেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। একই সঙ্গে নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়া হলো। গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।