বগুড়ার নন্দীগ্রামে এক নারীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে পৌর ছাত্রদল সভাপতির বিরুদ্ধে। আহত ফিরোজ আহম্মেদ শাকিল নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি।রোববার (১ মার্চ) সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহতের পরিবারের অভিযোগ, রাব্বি নামের এক যুবক নন্দীগ্রামের মাঝগ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেন কলেজ ছাত্রদল সভাপতি শাকিল। রাব্বি নন্দীগ্রাম পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের অনুসারী। এ নিয়ে সেই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় ইফতার শেষে শাকিল নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে আড্ডা দিতে যান। এ সময় অভিযুক্ত পলিন ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তকে নিয়ে শাকিলের ওপর হামলা চালায়। তারা শাকিলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। আরও পড়ুন: পটুয়াখালীতে ছাত্রদলের দুপক্ষের বিরোধ, হাসপাতালে ভাঙচুরের অভিযোগ এদিকে খবর পেয়ে রোববার রাতেই বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাসপাতালে আহত শাকিলকে দেখতে আসেন। ছাত্রদল নেতা শাকিলের স্বাস্থ্যর খোঁজখবর নেয়া শেষে মোশারফ হোসেন জানান, অভিযুক্তের পার পাওয়ার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ছাত্রদলও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করবে। শাকিলের অবস্থা এখন আশংকামুক্ত। তার চিকিৎসা সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে। আরও পড়ুন: নির্বাচিত হয়েই ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে সোপর্দ করলেন এমপি মানিক বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে। পাশাপাশি ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হবে।