প্যারোলে মুক্তি পেয়ে নিজের বাবার জানাজায় অংশ নিয়েছেন ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার। কড়া পুলিশ পাহারায় তাকে জানাজার মাঠে আনা হয় এবং আনুষ্ঠানিকতা শেষে পুনরায় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পরশুরাম পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) দুপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য ইয়াছিন শরীফের প্যারোলে মুক্তি মেলে। জানাজায় অংশ নিয়ে বাবার রূহের মাগফিরাত কামনায় তিনি সকলের কাছে দোয়া চান। ইয়াছিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা। এছাড়া দীর্ঘ সময় ধরে তিনি পরশুরাম বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পরশুরাম উপজেলা শাখার সাবেক সভাপতির দায়িত্বেও ছিলেন। আরও পড়ুন: সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বাবার জানাজা ও দাফনে অংশ নিতে যুবলীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। দাফন শেষে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।’ ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জাকারিয়া বলেন, ‘কারাবন্দি ইয়াছিন শরীফ মজুমদারের পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করলে বিধি অনুযায়ী তাকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়।’ এর আগে গত বছরের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে পরশুরাম উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদারকে গ্রেফতার করা হয়। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়।