মানবতাবিরোধী অপরাধ: লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে, তার স্বাস্থ্যগত বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ মার্চ এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্যে বলা হয়েছে। ওইদিন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। সোমবার (২ মার্চ) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জামিন না দেওয়ার আর্জি জানান। আরও পড়ুনপুনর্গঠিত অপরাধ ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আওয়ামী লীগ নেতা আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর একটি প্রতিবেদন দেখতে চেয়েছিলেন ট্রাইব্যুনাল। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের একটি প্রতিবেদন আনতে বলা হয়েছে। কিন্তু এসবে আমাদের ওপর কোনো নির্দেশনা ছিল না। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আমরা যে প্রতিবেদন চেয়েছি সেটা আসেনি। তখন চিফ প্রসিকিউটর বলেন, আসামির চিকিৎসা চলছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। এটাই তার জন্য যথেষ্ট। এছাড়া তার অন্য তিনটি মামলা রয়েছে। এজন্য আমরা আরও এক মাস সময় চাই। পরে স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে একটি প্রতিবেদন আনতে বলেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের একটি প্রতিবেদন চাওয়া হয়। এ বিষয়ে প্রতিবেদন আগামী ৩০ মার্চ জমা দিতে বলেছেন আদালত। পরবর্তী শুনানির জন্যও একই দিন ঠিক করা হয়েছে। এর আগে গত ১১ জানুয়ারি একবার ট্রাইব্যুনাল থেকে জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি হুমায়ুন কবির পাটোয়ারী। এজন্য ২৪ ফেব্রুয়ারি আবারও জামিন আবেদন করেন তার আইনজীবী। এরই ধারাবাহিকতায় শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। জামিন আবেদনে লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন হুমায়ুন কবির পাটোয়ারীর আইনজীবী সুব্রত কুমার। এ রোগে তার মক্কেলের (আসামি) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে অন্য মামলায় প্রথমে ২০২৪ সালের আগস্টে গ্রেফতার হন তিনি। এরপর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটি তদন্তাধীন। এ মামলার অপর আসামিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। তাদেরও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এফএইচ/ইএ