ম্যাচটাকে চাইলে ওয়েস্ট ইন্ডিজ বনাম সাঞ্জু স্যামসনের লড়াই বলাই যায়! গতকাল (১ মার্চ) ইডেন গার্ডেন্সে সুপার এইটের শেষ ম্যাচে স্বাগতিক ভারত ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৫০ বলে ৯৭ রানের ইনিংসে ভারতকে দারুণ এক জয় এনে দেন সাঞ্জু। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ কলকাতার ধুন্ধুমার লড়াইয়ে ভারতের বিপক্ষে হারের পর এই উইকেটকিপারের প্রশংসা করেছেন।এদিন আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। জবাবে ভারত ৪ বল বাকি থাকতে জয় পায় ভারত। সাঞ্জু ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া তিলক ভার্মা ২৭ ও সূর্যকুমার যাদব ১৮ রান করেন।সুপার এইটস পয়েন্ট টেবিলে সমান পয়েন্টে থাকায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচ জিততেই হতো। জয়ের ফলে ভারত ৫ মার্চ সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। আরও পড়ুন: আফগানিস্তান সিরিজ দিয়ে ভারতে আত্মপ্রকাশ করছে নতুন টেস্ট ভেন্যুম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ বলেন, ‘সে (স্যামসন) দারুণ খেলেছে। সে একজন মানসম্পন্ন খেলোয়াড়। পিচটাও ভালো ছিল, বিশেষ করে রাতে এডেন গার্ডেন্সে এমন উইকেটে রান তাড়া করা তুলনামূলক সহজ। তবে তার কৃতিত্ব কমানো যাবে না। সে বহু বছর ধরে ভালো খেলছে। আজ ব্যাটার আমাদের বোলারদের চেয়ে এগিয়ে ছিল। এটা খেলারই অংশ। তার ইনিংসের পূর্ণ কৃতিত্ব দিতে হবে।’হোপ আরও যোগ করেন, ‘সে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে শট খেলেছে এবং ইনিংসটা চমৎকারভাবে গড়ে তুলেছে। খুব বুদ্ধিমত্তা ও পরিকল্পনা নিয়ে খেলেছে। আজকের পারফরম্যান্সের জন্য তাকে ‘এ প্লাস’ দিতে হবে। তবে আমার মনে হয়, আজ সে এমন ইনিংস না খেললেই ভালো হতো।’