আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য রেলযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। এতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সোমবার (২ মার্চ) রাজধানীর আব্দুল গণি রোডের রেল ভবনে এ সভা হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। সভায় নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য ঈদযাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। ঈদযাত্রায় আগের মতো ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। তবে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কামরা কিংবা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পান তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী। এছাড়া, টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারী প্রতিরোধ ও ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। টিকিটবিহীন কোনো যাত্রী বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্মে যেন প্রবেশ করতে না পারে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে অপেক্ষমাণ যাত্রীদের প্ল্যাটফর্মের নিরাপদ স্থানে বসার জন্য নির্ধারিত আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রস্তুতিমূলক সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এনএস/একিউএফ