অনিশ্চয়তায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িযে পড়েছে পাকিস্তান। আঞ্চলিক এই উত্তেজনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তান দলের বাংলাদেশ সফর। এই সফরে তিনটি ওয়ানডে খেলার কথা দুই দলের। সূচি অনুযায়ী, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ। এই সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। সর্বশেষ তারা গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিল। পাশাপাশি, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে দুই দলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানের গণমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে সফরটি অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা পরিস্থিতির অবনতি না ঘটলে তবেই সিরিজটি এগোতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সম্ভাব্য স্থগিতাদেশ নিয়ে কোনো চিঠি পাননি তারা। বিসিবি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এখন দেখার বিষয়, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান দল নির্ধারিত সময়েই ঢাকায় আসে কি না। এমএমআর