ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। এতে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (পি.ও. ৬৪)-এর ধারা ৩(১) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অপু। শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের এই সংসদ সদস্য আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরও পড়ুন: কারা হলেন সংসদের চিফ হুইপ ও হুইপ? হুইপ হিসেবে নিয়োগ পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শরীয়তপুর জেলায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ দেখা গেছে। তারা এ নিয়োগকে জেলার জন্য গৌরবজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে শরীয়তপুরের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে সরকারের নীতি বাস্তবায়নেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।