কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নদীভাঙন রোধে রোপণ করা গাছ কাটার মামলায় গ্রেফতার উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি গ্রহণ ৪ নম্বর আদালতের বিচারক ফখরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর শামসুল আলম সিদ্দিকী। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালে ওই এলাকায় নদীভাঙন প্রতিরোধে বেড়িবাঁধে বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়। দীর্ঘদিন ধরে এসব গাছ পরিবেশ সুরক্ষা ও বাঁধ রক্ষায় ভূমিকা রেখে আসছিল। আরও পড়ুন: সরকারি গাছ কাটায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর আলমের বাড়িতে যাতায়াতের পথ বাঁধের ওপর দিয়ে ব্যক্তিগত গাড়ি চলাচলে সুবিধার জন্য গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে গাছ কাটা শুরু হয়। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। প্রতিটি গাছের বাজারমূল্য আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা। অভিযোগ রয়েছে, বৈদ্যুতিক করাত দিয়ে গাছের গুঁড়ি কেটে পরে সেগুলো অন্যত্র সরিয়ে নেয়া হয়। ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হলেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় মামলা করেন। মামলার পর কেন্দ্রীয় বিএনপি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ স্থগিত করে। পরদিন বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ শহর থেকে গ্রেফতার করে পুলিশ।