স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে জামিন পেয়েছিলেন মাত্র কয়েক ঘণ্টা আগে। আনন্দ নিয়ে স্বজনদের সাথে ফিরছিলেন বাড়ি। কিন্তু সেই আনন্দ রূপ নিল বিষাদে। পথিমধ্যে ঘাতক পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন সৌদি প্রবাসী সফিকুল ইসলাম (৪১) ও তার চাচি রিজিয়া পারভীন।সোমবার (২ মার্চ) বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সফিকুল ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার চরদিয়াশুর গ্রামের হাচেন বেপারীর ছেলে। তিনি দীর্ঘ দিন সৌদি আরবে কর্মরত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) তিনি ছুটিতে দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার আনন্দ ম্লান হয়ে যায় দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায়। তার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা মূলে গত ১ মার্চ দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ।সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিকেলের দিকে পরিবারের সদস্যদের নিয়ে একটি সিএনজিযোগে বাড়ি ফেরার পথে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির পিকআপের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সফিকুল ও তার প্রতিবেশী চাচি রিজিয়া পারভীন নিহত হন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।আরও পড়ুন: বরিশালে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২স্থানীয় বাসিন্দা রাসেদ আহমেদ জানান, সফিকুলের ব্যক্তিগত জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা। দুই বছর আগে তার প্রথম স্ত্রীর মরদেহ একটি লোকাল বাস থেকে ড্রামবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছিল। এরপর সন্তানদের কথা চিন্তা করে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং পুনরায় কর্মস্থলে ফিরে যান। তবে বিদেশে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রীর সাথে তার মনোমালিন্য তৈরি হয়, যার জেরে স্ত্রী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার আইনি প্রক্রিয়া শেষ করে বাড়ি ফেরার পথেই প্রাণ হারালেন তিনি।দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত ওষুধ কোম্পানির পিকআপ ও সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।