নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা

নারায়ণগঞ্জ শহরের প্রধান দুটি সরকারি হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যথাযথভাবে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। একইসাথে তিনি নারায়ণগঞ্জে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ও পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন।সোমবার (২ মার্চ) বিকেলে নগরীর চাষাঢ়া বালুরমাঠ এলাকায় একটি কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বিএনপি থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘জনগণ চতুর্থবারের মতো আমাকে নির্বাচিত করেছেন। আমরা জনগণের প্রতিনিধি। জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। আমরা স্বাস্থ্যসেবার জন্য আপনাদের চিকিৎসকদের দ্বারস্থ হই। আমার নির্বাচনী এলাকায় দুইটি সরকারি হাসপাতাল ও বন্দরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই তিনটি হাসপাতালে চিকিৎসা সেবার বিষয়ে জনগণ সন্তুষ্ট নয়। তাই আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আপনারা জনগণের চাহিদাগুলো পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন। সেজন্য আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের জনগণ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। তাই আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের নারায়ণগঞ্জে চিকিৎসাসেবার মানকে আরও উন্নত করতে চাই।’ আরও পড়ুন: ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী সংসদ সদস্য আবুল কালাম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে স্বাস্থ্যসেবার প্রতি তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমার নির্বাচনী ইশতেহারেও ছিল নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জে স্বাস্থ্য সেবার মান বাড়াতে আমি একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, একটি পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব।’ সংগঠনের জেলা আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফরহাদ হাসান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, জেলা সিভিল সার্জন ডা. মো. মুশিউর রহমান, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলাম, সংগঠনের জেলা সদস্য সচিব অধ্যাপক ডা. ফারুক আহমেদ প্রমুখ। আলোচনা সভার শুরুতেই ‘ফ্যাটি লিভার’ বিষয়ক সচেতনতামূলক একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করেন বিশিষ্ট চিকিৎসক ডা. পঙ্কজ নাহা। সভায় দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।