নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অপবাদে তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর এবং কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার ডহরগাঁও এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে। নির্যাতনের শিকার তিন নারী হলেন— কুমিল্লার মুরাদনগর থানার সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানার ইতি আক্তার এবং বালিয়াপাড়া এলাকার শারমিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডহরগাও এলাকার সেলিম মিয়ার বাড়িতে ওই তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের আটক করেন। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয় বলে জানা গেছে। তবে অভিযুক্ত তিন নারীর দাবি, তারা বাসা ভাড়া নেওয়ার উদ্দেশ্যে ওই বাড়িতে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং চুল কেটে দেওয়া হয়। এ বিষয়ে রূপগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। চুরির অভিযোগে আইনগত শাস্তির বিধান রয়েছে। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। কাউকে বেঁধে মারধর করা বা মাথার চুল কেটে দেওয়া দণ্ডনীয় অপরাধ। নাজমুল হুদা/কেএইচকে/এএসএম