বাহরাইনে ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাহরাইন সরকার।সোমবার (২ মার্চ) রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পুনরায় টেলিফোন করে এই তথ্য জানান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি। টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। নিহত বাংলাদেশির পরিবারের প্রতিও তারা সমবেদনা জানিয়েছেন। আরও পড়ুন: কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত (ভিডিও)বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদ্ভূত পরিস্থিতিতে বাহরাইন সরকারের তাৎক্ষণিক যোগাযোগ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। নিহত প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, একই বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য আজ বিকেলেও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। রাতে দ্বিতীয় দফা ফোন করে তিনি মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন।