জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বরিশালের ইতিহাসে প্রথমবারের মতো নারী নেতৃত্ব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার ফারজানা আখতার।শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চ্যাপ্টারটির বার্ষিক সাধারণ সভায় তাকে ২০২৬ মেয়াদের জন্য ‘লোকাল প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়।অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট এবং বর্তমান ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এন এম নকিবুল হক নবনির্বাচিত নেতা ব্যারিস্টার ফারজানা আখতারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল চেইন হস্তান্তর করেন। এ সময় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদসহ জাতীয় পর্যায়ের কর্মকর্তা, সাবেক প্রেসিডেন্ট এবং বিশিষ্ট কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।দায়িত্ব গ্রহণের পর ব্যারিস্টার ফারজানা আখতার সদস্যদের আস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শক্তিশালী নেতৃত্ব এবং টেকসই উন্নয়নের মাধ্যমে জেসিআই বরিশালকে আরও এগিয়ে নিতে চাই। বিশেষ করে বরিশালের বিভিন্ন অঞ্চলে তরুণ নেতৃত্বকে শক্তিশালী করা এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’ এবারের মেয়াদে ‘লিড. কানেক্ট. ইভলভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বছরব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। আরও পড়ুন: জেসিআই ঢাকা এন্টারপ্রেনার্সের নতুন নেতৃত্বে অশি চৌধুরীনতুন মেয়াদের জন্য গঠিত বোর্ডে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আখতার হোসেন, লোকাল ভাইস প্রেসিডেন্ট বেনাজির হুসাইন ও কিবরিয়া সারওয়ার, লোকাল সেক্রেটারি জেনারেল ফয়সাল সিদ্দিকী এবং লোকাল ট্রেজারার মো. আল-আমিন সরদার।এ ছাড়া জেনারেল লিগ্যাল কাউন্সেল হিসেবে মোহাম্মদ মাহফুজুর রহমান এবং লোকাল ট্রেনিং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা মারুফা ইসলাম।এই টিমে আরও রয়েছেন কমিটি চেয়ার হুসাইন মোহাম্মদ সুনওয়ার, জেআইবি চেয়ারপারসন ইশতি আহমেদ, লোকাল ডিরেক্টর শারমিন সুলতানা ও আহমেদ ফয়েজ।উল্লেখ্য, জেসিআই একটি বিশ্বব্যাপী তরুণ সক্রিয় নাগরিকদের সংগঠন, যা সমাজে ইতিবাচক পরিবর্তন এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়নে কাজ করে থাকে।