রাজধানী ঢাকার চিরচেনা যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খ্যাতনামা প্রকৌশলী অধ্যাপক ড. শামসুল হকের নেতৃত্বে বিশেষজ্ঞ দলের সঙ্গে কথা বলেন। ঢাকার বর্তমান ট্রাফিক পরিস্থিতি পর্যালোচনা করে তা কীভাবে আধুনিক ও গতিশীল করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ জানতে চান সরকারপ্রধান। ঢাকা শহরকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ট্রাফিক ব্যবস্থার সংস্কারকে অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন: মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রীঅতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১৩ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। ট্রাফিক বিষয়ক বৈঠকের পাশাপাশি তিনি শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের বিষয়ে স্থপতিদের সঙ্গে আলোচনা করেন। সমাধিস্থল দুটির আধুনিকায়ন ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট স্থপতিদের মতামত শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।একই দিনে প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে আলাদা দুটি বৈঠক করেন। এসব বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়গুলোর চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।