চিকিৎসক-গণমাধ্যম সমন্বয়েই সম্ভব সুস্বাস্থ্যের বাংলাদেশ: ড্যাব সভাপতি

দেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে এবং চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।তিনি বলেন, ‘আগামী দিনে স্বাস্থ্যসেবা খাতকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছানোর যে চ্যালেঞ্জ, তা উত্তরণে শুধু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিয়ে হবে না, গণমাধ্যমেরও ভূমিকা অনেক বেশি থাকতে হবে।’ সোমবার (২ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএইচআরএফ সভাপতি প্রতীক ইজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন, ঔষধ শিল্প সমিতির কোষাধ্যক্ষ হালিমুজ্জামান এবং ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার।ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, ‘আগামী দিনে স্বাস্থ্যসেবা খাতকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছানোর যে চ্যালেঞ্জ, তা উত্তরণে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি। চিকিৎসক ও সাংবাদিকরা সমন্বিতভাবে কাজ করতে পারলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।’ আরও পড়ুন: চাঁদপুরে ডা. বশির আহমেদের ওপর হামলায় ড্যাবের নিন্দাএনডিএফ সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, “সাংবাদিকদের জন্য ‘তাকওয়া’ বা সার্থকতা হলো সাদাকে সাদা আর কালোকে কালো বলা। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে।”স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ‘স্বাস্থ্যখাত মানেই শুধু চিকিৎসক নয়, গণমাধ্যমকর্মীরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তারা ভালো কাজের অনুপ্রেরণা দেয়ার পাশাপাশি খাতের ত্রুটিগুলোও তুলে ধরেন।’সভাপতির বক্তব্যে প্রতীক ইজাজ বলেন, ‘সব শ্রেণির মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবিটে কর্মরত সাংবাদিকদের নির্মোহভাবে কাজ করতে হবে। খাতের ইতিবাচক ও নেতিবাচক–উভয় দিকই সাহসের সঙ্গে তুলে ধরতে হবে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, আইসিডিডিআর,বি-র জনসংযোগ প্রধান তারিফুল ইসলাম এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রমুখ।