রাজধানীর আদাবর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ২০ জনকে আটক করেছে পুলিশ।সোমবার (২ মার্চ) দিবাগত রাতে শেখেরটেক ও নবোদয় হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে।তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুবায়ের জুয়েল রানা জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে একটি চক্র বড় ধরনের ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করছিল–এমন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ ও তেজগাঁও জোনের একটি টিম অভিযানে নামে। রাতে শেখেরটেক ও নবোদয় হাউজিংয়ের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই ২০ জনকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন: মোহাম্মদপুরে চাঁদাবাজি-ছিনতাই: কারখানার কর্মীকে কুপিয়ে জখম, আটক ৫তিনি জানান, আটক ব্যক্তিরা ঈদকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। তাদের পরিকল্পনার শুরুর দিকেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি এরা মাদক কারবারের সঙ্গেও জড়িত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।