হোলি উৎসব উপলক্ষে ভারতে সরকারি ছুটিতে মঙ্গলবার (৩ মার্চ) বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও এপথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হোলি উদযাপন উপলক্ষে এদিন দুদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীরা তাদেরকে জানিয়েছেন। এতে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে।বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, ভারত থেকে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক চলছে। ছুটি শেষে বুধবার সকাল থেকে পুনরায় ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।আরও পড়ুন: ফেব্রুয়ারিতেও কমলো দেশের রফতানি আয়এদিকে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় পণ্যজট দেখা দিয়েছে দুই দেশের বন্দরে। বর্তমানে প্রতিদিন বন্দরটি দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য হয়ে থাকে।এছাড়া চিকিৎসা ও ব্যবসাসহ নানান কাজে দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাতায়াত করে। এতে বাণিজ্য খাতে প্রায় ১০ কোটি এবং ভ্রমণ খাতে ২০ লাখের মত টাকা রাজস্ব আহরণ হয়।