জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন

বাংলাদেশের সুপরিচিত আলেম ও ওয়ায়েজ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার প্রথম নামাজে জানাজা মঙ্গলবার বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। ইসলামি বক্তা হিসেবে সারা দেশে দীর্ঘ কাল ধরে জনপ্রিয় মীর হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পির আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন। নিজ গ্রামেই প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদ্রাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল পাশ করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন। মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী কোরআন, হাদিস, নবী, সাহাবি ও আওলিয়াদের জীবনীসহ ইসলামি বিভিন্ন বিষয়ে তার সুললিত ও দরাজ কণ্ঠে বয়ান করতেন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দ্বীনি আলোচনা করার জন্য বহুবার সফর করেছেন তিনি। ইসলামি বিভিন্ন বিষয়ে গ্রন্থও রচনা করেছেন হাবিবুর রহমান যুক্তিবাদী। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, ১. ইসলামে নারীর মর্যাদা, ২. ধর্ম ও ইবাদত, ৩. মুক্তির সহজ পথ, ৪. রাসুলে খোদা (সা.), ৫. মক্কায় রাসুল (সা.), ৬. মদিনায় রাসুল (সা.), ৭. শানে রাসুল (সা.)। ওএফএফ