বোনকে কুপিয়ে হত্যার পর বোরকা পড়ে পালানোর চেষ্টা, আটক ছোট ভাই

চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যা করার পর বোরকা পরে পালানোর সময় জানে আলম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে নগরের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছেনোয়ারা বেগম (৪৮) ওই এলাকার সাবের আহমদের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী ও ছেলে মসজিদে তারাবিহ নামাজ পড়তে যাওয়ায় বাসায় একাই ছিলেন ছেনোয়ারা বেগম। এ সময় ছেনোয়ারার ছোট ভাই জানে আলম এসে তার স্বর্ণালংকার নিতে চাইলে বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করেন। এরপর জানে আলম বোরকা পরে পালানোর চেষ্টা করেন। আরও পড়ুন: গলাকাটা অবস্থায় ইকোপার্কে হাঁটতে থাকা শিশুর মৃত্যু তবে বাইরে থাকা লোকজন তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে জানে আলমকে থানায় নিয়ে যায়। পথে একদল বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়ার চেষ্টা করে। নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন বলেন, হত্যাকাণ্ডের সময় আমরা মসজিদে তারাবিহ নামাজ পড়ছিলাম। নামাজ শেষে বাসায় ফেরার পথে দেখি স্থানীয় লোকজন আমার মামাকে রক্তাক্ত ছুরিসহ আটক করেছে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছেনোয়ারাকে বাড়িতে গিয়ে তার ভাই কুপিয়েছে। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।