ফরিদপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে রাজু শেখ (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে শহরের লক্ষ্মীপুর স্টেশন বাজার এলাকা থেকে রাজুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।এরআগে সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।নিহত রাজু শেখ শহরের কুঠিবাড়ীর লক্ষ্মীপুর এলাকার বাবলু শেখের ছেলে। তিনি পৌরসভার ক্লিনারের কাজ করতেন।এ দিকে ছেলের এমন নির্মম মৃত্যুতে কাঁদছেন মা ছবি খাতুন। স্বামীকে হারিয়ে কাঁদছেন স্ত্রী নিশী বেগম। কান্না থামছে না তাদের, কাঁদছে স্বজনরাও। তাদের কান্নায় আশ পাশের এলাকা ভারি হয়ে উঠছে।আরও পড়ুন: বোনকে কুপিয়ে হত্যার পর বোরকা পরে পালানোর চেষ্টা, আটক ছোট ভাইপরিবারের অভিযোগ, এক সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও সেই অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছিল রাজু শেখ। কিন্তু স্থানীয় মাদক ব্যবসায়ীদের হাত থেকে শেষ রক্ষা হলো না তার। মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।এ দিকে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।জানা যায়, রাজু শেখ পৌরসভার ক্লিনারের কাজ করার পাশাপাশি জড়িয়ে পরেছিলেন মাদক ব্যবসার সঙ্গে। পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেড়ে দেন মাদক ব্যবসা। বেশ কিছুদিন ধরে তিনি মাদক ব্যবসা থেকে দূরে ছিলেন। রাজু ভালো হয়ে গেলেও তার পিছু ছাড়েনি মাদক ব্যবসায়ীরা। তার কাছে টাকা পাবে এমন দাবি করে বারবার হুমকি দিতো রাজুকে। টাকা দিতে হবে, না হলে মাদক বিক্রি করতে হবে। রাজু এবং তার পরিবারের সদস্যরা টাকা দিতে সময় চেয়েছিল। কিন্তু তাতে রাজি নয় মাদক ব্যবসায়ীরা।আরও পড়ুন: রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যাএরই জের ধরে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজুকে লক্ষ্মীপুর স্টেশন বাজার এলাকায় নৃশংসভাবে কুপিয়ে জখম করে হৃদয়, রবিউল, মারুফসহ কয়েকজন মাদক ব্যবসায়ী। রাতেই দ্রুত রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় মূল মাস্টারমাইন্ড হিসেবে হৃদয় নামে একজনের নাম পেয়েছি। যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং একাধিকবার গ্রেফতারও হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া জড়িত অন্যদের আটকে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।