কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোলনা থেকে নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে চার মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ওই শিশুটি ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে।স্বজনরা জানান, গত ৫ ফেব্রুয়ারি সকালে শিশুটির মা তাকে ঘরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশেই ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি জিডি করা হয়।এ দিকে শিশুটির দাদা মঙ্গলবার সকালে বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকি পরিষ্কার করার সময় নিখোঁজ শিশুটির অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।আরও পড়ুন: কচুয়ায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর মরদেহপরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ আহমেদ জানান, নিখোঁজের পর থেকেই তদন্ত চলছিল। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।