গত বছর ‘বরবাদ’ সিনেমায় ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন টালিউড অভিনেতা শ্যাম ভট্টাচার্য। এবার এ অভিনেতাকে দেখা যাবে ঈদের নতুন সিনেমা ‘রাক্ষস’-এ।মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন শ্যাম। এর মাধ্যমে নির্মাতা মেহেদীর পরপর দুটি সিনেমাতেই দর্শক দেখবেন কলকাতার এ অভিনেতাকে। ‘রাক্ষস’ সিনেমায় শ্যামের চরিত্রটি কেমন সে বিষয়ে এখনও কিছু প্রকাশ করেননি নির্মাতা। তবে সিনেমায় চমক দেবে শ্যাম অভিনীত চরিত্রটি এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে কিছুদিন আগেই ‘রাক্ষস’ সিনেমার ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। পোস্টারে চমক ও রহস্য থাকায় দর্শক আগ্রহ তুঙ্গে সিনেমাটি ঘিরে। এর মাঝে ‘জিল্লু’খ্যাত অভিনেতার উপস্থিতি সিনেপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। আরও পড়ুন: প্রকাশ পেল প্রতীক্ষিত 'দম'-এর পোস্টার এ সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হতে চলেছে বলিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেতা শাতাফ ফিগারের। শাতাফের মতো টালিউড নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়ও এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখছেন। আরও পড়ুন: লাল শাড়ি পরে শপিংমলে বুবলী প্রযোজক শেহরিন সুমির রোমান্স ও অ্যাকশন ঘরানার সিনেমা ‘রাক্ষস’। এ সিনেমা ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে। ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।