‘দ্য হানড্রেড’ নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের দুই ক্রিকেটার

ইংল্যান্ডের ঘরোয়া লিগ ‘দ্য হানড্রেড’-এর নিলামে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তারা হলেন পেসার মোস্তাফিজুর রহমান এবং লেগস্পিনার রিশাদ হোসেন। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের আইকনিক পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত হবে এই নিলাম। এবারের ড্রাফটে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কেবল এই দুইজন। তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নজরকাড়া পারফরম্যান্স করেছেন মোস্তাফিজ ও রিশাদ। সেই পারফরম্যান্সের সুবাদেই তারা নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিলামে মোট ৪০০-র বেশি ক্রিকেটার থাকছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে মোস্তাফিজের। কাটার মাস্টারের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা)। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ২৪ লাখ), যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। উল্লেখ্য, ২০২১ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার ‘দ্য হানড্রেড’-এ অংশ নেননি। আয়োজক সংস্থা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) গত মাসে জানিয়েছে, ২০২৬ সালের নিলামের জন্য ১৮টি দেশ থেকে প্রায় ১ হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন। আগামী ২১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর। এমএমআর