ইরানকে যে বার্তা দিলো সৌদি আরব

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব।মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন দূতাবাসে বিপজ্জনক হামলার কঠোর নিন্দা জানিয়েছে। খবর আল জাজিরার। হামলার ঘটনায় পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব যেকোনো আগ্রাসনের জবাব দেয়ার বিকল্পসহ নিজেদের আত্মরক্ষা ও স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেয়ার পূর্ণ অধিকার রয়েছে। মঙ্গলবার ভোরে রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে ভবনটিতে সামান্য আগুন ধরে যায় এবং আংশিক ক্ষয়ক্ষতি হয়। আরও পড়ুন: সৌদিতে মার্কিন দূতাবাসে হামলা: কনস্যুলার সেবা বাতিল করল যুক্তরাষ্ট্র এর কয়েক ঘণ্টা পর সৌদি আরবে মার্কিন মিশনগুলোতে সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দূতাবাসের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘আজ মঙ্গলবার নির্ধারিত সব নিয়মিত ও জরুরি সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। পাশাপাশি জেদ্দা, রিয়াদ ও দাহরানসহ বিভিন্ন মিশনে ‘নিরাপদ অবস্থানে থাকার’ নির্দেশনা কার্যকর রয়েছে। দূতাবাসে হামলার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। আরও পড়ুন: সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুব শিগগির বড় ধরনের ‘পাল্টা পদক্ষেপ’ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে, তা ‘আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন’।