নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছর বয়সের বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।মঙ্গলবার (৩ মার্চ) ভোরে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড ও রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা সম্পর্কে বাবা ও ছেলে।মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে র্যাব-১১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।গ্রেফতাররা হলেন- রূপগঞ্জের নরাবটেক এলাকার মৃত সোবহানের ছেলে মামলার ২ নম্বর আসামি নুরু মিয়া (৬৭) ও তার ছেলে মামলার ৪ নম্বর আসামি ফালান (৫০)।এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার হয় বুদ্ধি প্রতিবন্ধী ১৩ বছর বয়সের শিশুটি।মামলার বিবরণে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবটেক এলাকার বাসিন্দা ছানোয়ার ও ১ নম্বর আসামি মিলে স্থানীয় কৃষকের বুদ্ধি প্রতিবন্ধী শিশু মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যা করা হবে বলে শিশুটিকে হুমকিও দেয় তারা। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবার ১৬ ফেব্রুয়ারি শিশুটিকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে পরিবারের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুটি ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। ১ নম্বর আসামি ছানোয়ার ইতিপূর্বেও ২ নম্বর আসামি নুরুর সহায়তায় তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলেও শিশুটি অভিযোগ করে।আরও পড়ুন: বেড়াতে নিয়ে শিশুকে ধর্ষণ, নানা গ্রেফতারপরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা আইনি ব্যবস্থা নিতে চাইলে অভিযুক্তরা মামলা না করতে তাকে নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। তবে ভয়ভীতি উপেক্ষা করে ঘটনার ১১ দিন পর শিশুটির বাবা দরিদ্র কৃষক বাদী হয়ে রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, মামলা দায়েরের পর বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার সংবাদ প্রকাশ হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এরপর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি সহ নানা তৎপরতা শুরু করে র্যাবের একাধিক টিম। এরই ধারাবাহিকতায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-১১ ব্যাটালিয়নের আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি নুরু মিয়া ও তার ছেলে ফালানকে গ্রেফতার করে।র্যাব-১১ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে থানা পুলিশ আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে। মামলার প্রধান আসামি সহ পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।