আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন, আজ ফাইনালের মঞ্চেও সেই চেনা রূপেই দেখা মিলল তাওহিদ হৃদয়ের। তবে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়লেও তার ৯৬ রানের অনবদ্য ইনিংসে চড়ে বিসিএল ওয়ানডে ফাইনালের প্রথম ইনিংসে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বিসিবি নর্থ জোন। মঙ্গলবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বিসিএলের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করেছে নর্থ জোন। শিরোপা জিততে সেন্ট্রাল জোনের প্রয়োজন ২৩৯ রান। ইনিংসের শুরুতে নর্থ জোনের দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও তানজীদ হাসান তামিম সাবধানী শুরুর চেষ্টা করেন। তবে ২২ রানের উদ্বোধনী জুটি ভেঙে সোহান (৫) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। আরেক ওপেনার তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি, ২২ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। দুই ওপেনারকে হারানোর পর তিনে নেমে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাওহীদ হৃদয়ের সাথে তার ৫২ রানের গুরুত্বপূর্ণ জুটি বিপর্যয় সামাল দেয়। শান্ত ৫১ বলে ৩৫ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন হৃদয়। ৯৮ বলে ৯৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন এই মিডল অর্ডার ব্যাটার, যেখানে ছিল দায়িত্বশীলতার ছাপ। মাঝপথে এসএম মেহেরাব হোসেন (২৮) এবং সাব্বির রহমান (২৪) উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হলে নর্থ জোনের রান আড়াইশ ছোঁয়নি। শেষদিকে রিশাদ হোসেনের ১৮ বলে ১৬ রানের ক্যামিওতে ২৩৮ পর্যন্ত পৌঁছায় নর্থ জোন। এসকেডি/আইএন