'আমি নিজেও মাদক সেবন করি, তবে আজ থেকে আর করব না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন, তবে পুলিশে ধরিয়ে দেবেন।' পাবনার ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এভাবেই মাইকিং করে নিজের মাদক ছাড়ার ঘোষণা দিলেন ফাইম হোসেন (৩০) নামে এক যুবক।একই সঙ্গে তিনি এলাকায় অন্য কাউকে মাদক সেবন করতে না দেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এই ব্যতিক্রমী ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইস্তা মসজিদ মোড়সহ চারটি গ্রামে নিজের খরচে ৩৫০ টাকা দিয়ে মাইকিং করান ফাইম। তিনি ইস্তা এলাকার জিয়াউর রহমানের ছেলে। মাইকিংয়ে তিনি স্পষ্ট জানান, আজকের পর থেকে ইস্তা এলাকায় কোনো মাদকসেবী যেন মাদক সেবন করতে না আসে।নিজের এই সিদ্ধান্তের বিষয়ে ফাইম হোসেন জানান, সোমবার রাতে মাদক সেবনকালে কয়েকজনের সঙ্গে তার একটি অপমানজনক ঘটনা ঘটে। এতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত হন। সেই ক্ষোভ থেকেই তিনি চিরতরে মাদক ছাড়ার এবং এলাকাকে মাদকমুক্ত করার শপথ নেন।আরও পড়ুন: ফরিদপুরে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যাফাইম বলেন, 'আমি সত্যিই মাদক ছাড়তে চাই। এলাকাতেও যেন কেউ মাদক সেবন করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'ফাইমের এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে একটি ইতিবাচক ও সাহসী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, একজনের এই পরিবর্তন অন্য অনেক যুবককে অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে পারে। তবে কেউ কেউ একে সাময়িক আবেগের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন।