ময়মনসিংহে একটি ছাত্রমেসে ভোরে ঘুমিয়েছিলেন এক শিক্ষার্থী। দুপুর গড়িয়ে বিকেল হলেও ঘুম ভাঙেনি তার। মেসের অন্য সদস্যরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও মেলেনি কোনো সাড়া। আতংকে খবর দেওয়া হয় পুলিশকে। হাজির হয় ফায়ার সার্ভিসও।এরপর দরজা ভেঙে তারা দেখেন গভীর ঘুমে আচ্ছন্ন সেই যুবক সোহান। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।ভিডিওতে দেখা যায়, একটি ছাত্র মেসে শিক্ষার্থীরা দরজা ধাক্কাতে ধাক্কাতে সহপাঠীকে ডাকতে থাকে। কিন্তু তার কোনো সাড়া মেলেনি। এমতাবস্থায় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাসার দরজার সামনে ও নিচে ভিড় জমায়। স্থানীয়রা অনেক ডাকাডাকি করে। কিন্তু কিছুতেই তার সাড়া মিলছিল না। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশও ঘটনাস্থলে গিয়ে ডাকাডাকি করে। তবে কোনো সাড়া না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই শিক্ষার্থীকে ডেকে তোলে।ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নগরীর সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্র মেসে একটি ছেলে ভোরে ঘুমিয়ে পড়েন। তার সহপাঠীরা না ঘুমিয়ে বাইরে চলে যায়। এমন সময় সোহান ভেতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে সোহানের সহপাঠীরা এসে অনেক ডাকাডাকি করে। তবে, তার সাড়া মেলেনি। বিষয়টি আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে মানুষ ভিড় জমাতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে ১২ ঘণ্টা পর সোহান নামে ওই ছাত্রকে দরজা ভেঙে জীবিত অবস্থায় উদ্ধার করে।আরও পড়ুন: ভালুকায় ডিবি পরিচয়ে ট্রাক আটকে ১৪ টন রড লুটকোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মো. আজহারুল ইসলাম বলেন, ছেলেটি সারারাত না ঘুমিয়ে ভোররাতে ঘুমায়। যে কারণে অনেক ডাকাডাকি করলেও সে টের পায়নি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় সোমবার বিকেল ৩ টার দিকে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ছেলেটি সুস্থ আছে।সোহান নগরীর বেসরকারি একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।