ইরানে নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরাইলের হামলা

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য নির্ধারিত কমিটি বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) ভবনে হামলা চালিয়েছে ইসরাইল।তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থার একটি ভবনে হামলা করেছে ইসরাইল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, তেহরানের দক্ষিণে কোম শহরে অবস্থিত বিশেষজ্ঞ পরিষদের ভবনে এই হামলা চালানো হয়।স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে, ইরানের কোম শহরে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য জ্যেষ্ঠ নেতারা যেখানে জড়ো হয়েছিলেন, সেই ভবনে ইসরাইলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। আরও পড়ুন: সর্বোচ্চ নেতা নির্বাচন কবে হতে পারে, জানাল ইরান সূত্র জানায়, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য সংখ্যা ৮৮ জন। তবে হামলার সময় তাদের মধ্যে কতজন ভবনে উপস্থিত ছিলেন, তা স্পষ্ট নয়। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপরই নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু ইরান। মঙ্গলবার দেশটির বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি বলেছেন, ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না।আলী মোয়ালেমি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ও দলীয় গোষ্ঠীর প্রতি ‘ব্যক্তিগত পছন্দের’ বিষয়টি প্রভাব ফেলবে না। তারা নিজেদের বিবেচনাবোধ ও ধর্মীয় বিধির সঙ্গে সঙ্গতি রেখে ভোট দেবেন।’