‘গায়ে সাদা এপ্রোন, গলায় স্টেথোস্কোপ, হাসিমুখে রোগীর সেবা হবে পরম দান। হে নতুন চিকিৎসা কর্মকর্তা, তোমায় জানাই অভিনন্দন ও শুভেচ্ছা’ এই স্লোগানকে সামনে রেখে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত সাতজন চিকিৎসক একসঙ্গে যোগদান করেছেন।মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস. এম. শাহরিয়ার ও সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তারা নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। আরও পড়ুন: জনগণের রক্ত চুষে খাওয়ার দিন এখন শেষ: শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মুজিবুর রহমান নবীন চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘মোংলার উপকূলীয় এলাকার মানুষ আপনাদের কাছে আন্তরিক ও মানবিক সেবা প্রত্যাশা করে। সরকারি স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হচ্ছে মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেয়া। আপনাদের সততা, আন্তরিকতা ও মানবিক আচরণই হবে জনগণের আস্থার ভিত্তি।’ তিনি আরও বলেন, ‘আমরা সমন্বিতভাবে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। আপনাদের সেবার মাধ্যমে দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন উদ্দীপনা যোগ হবে—এটাই আমাদের কাম্য।’ নবনিযুক্ত চিকিৎসকদের আগমনে মোংলার সাধারণ মানুষের মাঝে মানসম্মত চিকিৎসা প্রাপ্তির নতুন আশা সঞ্চার হয়েছে।